বিজ্ঞাপন

সাবেক স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার আবু বকর ‘জামায়াতের নন’ দাবি

সাবেক স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার আবু বকর ‘জামায়াতের নন’ দাবি

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রী হত্যায় গ্রেপ্তার হওয়া আবু বকর ছিদ্দিক মীর জামায়াতের কেউ নন বলে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কমলনগর উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের ও সেক্রেটারি আকরাম হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

তবে ফেসবুক আইডিতে নিজেকে উপজেলার চরকালকিনি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি লিখে রেখেছেন তিনি। এছাড়া তিনি মিছিল মিটিংয়ে সক্রিয় ছিলেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের দাবি, চরকালকিনি ইউনিয়ন জামায়াতের সভাপতির নাম আবু বকর ছিদ্দিক। তার নামের সঙ্গে স্ত্রী হত্যায় গ্রেপ্তার ব্যক্তির নাম মিলে যাওয়া এবং একই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তথ্যগত ব্যাঘাত ঘটেছে। একটি মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় ‘সাবেক স্ত্রীকে ভাড়াটে লোক দিয়ে হত্যা, জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ প্রচারে সহযোগিতা করে। মূলত আসামি আবু বকর ছিদ্দিক জামায়াতের কেউ নন। শুধুমাত্র ব্যক্তি নামের মিল থাকায়, মিথ্যা অহেতুক ট্যাগ লাগিয়ে ‘জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, যা সত্য নয়। এর প্রতিবাদ জানানো হয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। 

এদিকে ফেসবুকে পোস্টকৃত একটি ছবিতে চরকালকিনি ইউনিয়নের সভাপতি আবু বকর ছিদ্দিকের সঙ্গে আসামি আবু বকর ছিদ্দিককে দেখা যায়। সেখানে লেখা রয়েছে ‘চরকালকিনি ইউনিয়ন জামায়াতের দুইজন সাহসী যোদ্ধা’ একজন হলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দিক ও আরেকজন ইউনিয়ন সহ সভাপতি আবু বকর ছিদ্দিক মীর। দুইজনেরই একই নাম।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে নুনু সর্দারের পরিত্যক্ত ভিটা থেকে সাহেলা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতদের নামে মামলা করেন। কমলনগর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। 

জবানবন্দিতে সেলিম জানায়, নিহতের সাবেক স্বামী আবু বকর ছিদ্দিক মীর ৫০ হজার টাকা দিয়ে তাকে ভাড়া করে ছালেহাকে হত্যা করার জন্য। এ মামলায় সোমবার (৩ আগস্ট) জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাব্যুনালে আবু বকর ছিদ্দিক মীর আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

হাসান মাহমুদ শাকিল/এসএইচএ