চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং দমনে জনসম্পৃক্ততা বাড়াতে জনসচেতনতামূলক সভা করেছে পুলিশ। সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম রেঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান নেই। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রম আরও জোরদার করতে রেঞ্জের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে মাদকবিরোধী সমাবেশ, সচেতনতামূলক কর্মসূচি ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাষ্ট্রবিরোধী যেকোনো অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে জনগণের সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশের 'জিরো টলারেন্স' নীতির আওতায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে চট্টগ্রাম রেঞ্জ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
ডিআইজি বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধচক্রের গডফাদারদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনের হাত থেকে কোনো অপরাধী রেহাই পাবে না। মাদক বিস্তারের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, জনসম্পৃক্ততাভিত্তিক পুলিশিংয়ের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর করা সম্ভব। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।
পুলিশ সুপার উপস্থিত বাসিন্দাদের নির্ভয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের তথ্য পুলিশকে জানাতে আহ্বান জানান। তিনি বলেন, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রতিরোধে নেওয়া উদ্যোগগুলোর ইতিবাচক ফল শিগগিরই দৃশ্যমান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এলাকাবাসী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এমআর/এমটিআই
