বিজ্ঞাপন

ভোমরা স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনে এলো ৪৬৭ টন ভারতীয় কাঁচা মরিচ

ভোমরা স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনে এলো ৪৬৭ টন ভারতীয় কাঁচা মরিচ

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৯ ট্রাকে ৪৬৭ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ দেশে এসেছে।

ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৩৯ ট্রাকে ৪৬৭ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। কাস্টমস ও বন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।

দীর্ঘদিন পর কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে স্বস্তি ফিরেছে। আমদানি শুরুর পর দেশের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

ব্যবসায়ীরা জানান, আমদানি শুরুর আগে দেশি কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত ছিল। বর্তমানে তা কমে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় কাঁচা মরিচের আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরও বাড়বে। এতে কাঁচা মরিচের দাম আরও কমে আসতে পারে।

এর আগে গত সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আমদানি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি ভোক্তাদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে।

ইব্রাহিম খলিল/এমটিআই

বিজ্ঞাপন