বিজ্ঞাপন

গর্তে হাত-পা দিতে গিয়ে সাপের ছোবলে নারী ও ৩ বছরের শিশুর মৃত্যু

গর্তে হাত-পা দিতে গিয়ে সাপের ছোবলে নারী ও ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথায় গর্তে হাত ও পা দিতে গিয়ে সাপের ছোবলে সরস্বতী মণ্ডল (৪২) নামে এক নারী ও সাকিবা আক্তার নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারী এবং বিকেলে শিশুটি মারা যায়।

মৃত সরস্বতী মণ্ডল উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী। অপরদিকে, শিশুটি একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে।

ওই নারী ও শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খন্দকার সাইফুর রহমান।

মৃত সরস্বতী মণ্ডলের পরিবারসূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে কাজ করার সময় একটি গর্তে পা ঢুকিয়ে দেন সরস্বতী। এ সময় ওই গর্তে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সরস্বতীর মৃত্যু হয়।

অপরদিকে, মৃত শিশু সাকিবার পরিবারসূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সোনাতন্দী গ্রামে নিজ বাড়ির পাশে খেলাধুলার সময় ইঁদুরের গর্তে হাত দিলে বিষাক্ত সাপ শিশুটিকে ছোবল দেয়।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে জানান, সাপে ছোবলের কোনো আলামত নেই। কিন্তু শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ব্যাপারে থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দুই পরিবারের সদস্যদের অনুরোধে বিনা ময়নাতদন্তে মৃতদেহ দুটি স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

জহির হোসেন/এসএইচএ