ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি) কেন, কিছুই রাজশাহী থেকে যাবে না। যারা চাকরি করে, কিছু কিছু হাসিনা ফ্যাসিস্টদের দালাল আছে। তারা এটা নিয়ে একটা ষড়যন্ত্র করত। আর কে কি বলল, কোন কন্টাক্টটা, যে কোথায় যাবে নো দিস ইজ রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতে থাকবে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ১৯৯২ সালে কেবল মেয়র হয়েছি, কর্নেল ওলি যোগাযোগ মন্ত্রী। রেলওয়ের পশ্চিমাঞ্চল হেডকোয়ার্টার চট্টগ্রামে নিয়ে যাবেন। নো ফাস্ট মাই রাজশাহী। আমি অনশন করেছি, রানিং মেয়র গভমেন্টে থাকা অবস্থায়। মিছিল করেছি, মিটিং করেছি। আমি জানি ওলি অনেক শক্তিশালী। আমি মাথা নামাইনি, বলেছিলাম মরে পড়ে থাকবো গেটের সামনে। তবুও পশ্চিম অঞ্চল রেল যাবে না। আজও যায়নি। নেসকো কেন, কিছুই রাজশাহী থেকে যাবে না। রাজশাহী মাই ফাস্ট। আমার কাছে মন্ত্রী, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু। কোনো ভয় পাওয়ার কিছু নাই।
তিনি আরও বলেন, শহীদ পরিবারের সন্তানদের প্রতি সমবেদনা এবং আহত আমার স্নেহের ছোট ভাইয়েরা সারাদেশে তাদের প্রতি সহমর্মিতা জানাই। বীররা যারা কালো পিস ঢালা রাজপথে হাসি মুখে বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরে নিয়েছেন; সেই শহীদদের ও জুলাই যোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
ভূমিনন্ত্রী বলেন, এ দেশ আমাদের সবার, যা হয়েছে। আর প্রতিহিংসা নয়, কোনো আগুন নয়, ভাঙচুর নয়, কোনো কিছু না সবাইকে মিলে বাস্তবে দেশকে বাঁচাতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সেই সঙ্গে আমাদের দেশপ্রেম থাকতে হবে। আর এমন কিছু যেন আমরা না করি। কোনো অপশক্তির যেন সুযোগ না হয়।
শাহিনুল আশিক/এসএইচএ
