বিজ্ঞাপন

৪০০ কোটি টাকা আত্মসাৎ, জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

৪০০ কোটি টাকা আত্মসাৎ, জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা ৮টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার (৫ আগস্ট) বিকেলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

ওই সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তারের পর মাদারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইনি প্রক্রিয়ায় তাকে জামালপুর আদালতে পাঠানো হয়।

জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি কোর্ট) আবুল হোসেন জানান, আসামী আব্দুল ওয়াহেদকে মাদারগঞ্জ আমলী আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার আসামি আব্দুল ওয়াহেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাঁধন হোসেন/এমএমবি