কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, এই পৃথিবীতে যারা স্বৈরাচার হয়ে এসেছে কোনো দিনও তারা তাদের জায়গায় ফিরে আসেনি সুতরাং হাসিনাও আসবে না। এরপরেও এদেশে ১১ দলকে ভাঙার জন্য, নষ্ট করার জন্য চেষ্টায় আছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই অভ্যুত্থান দিবসে কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সর্বজন শ্রদ্ধেয় আলেম। তার ছবির ওপর যারা জুতা নিক্ষেপ করেছে আমার মনে হয় এই মানুষগুলো সব জারজ সন্তান। উনাকে শুধু জামায়াতে ইসলামী আলেম মনে করে না, আমার মনে হয় দলমত নির্বিশেষে বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তিনি। সুতরাং ছাত্রদলের নাম নিয়ে হোক যুবদলের নাম নিয়ে হোক তার ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছে নিশ্চয়ই এর ভেতর কোনো কালপ্রিট প্রবেশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়েই বলছি, এই মানুষগুলোকে সামলান, নয়তো হাসিনাকে যেভাবে এদেশ থেকে বিদায় দেওয়া হয়েছে আপনাকে বিদায় করার জন্য এই গুন্ডা বাহিনী যথেষ্ট। এদের কাজকর্মে অলরেডি দেশের মানুষ অতিষ্ঠ।
জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, জুলাইযোদ্ধারা আমাদের কুষ্টিয়ার এমপিদের নিয়ে মান অভিমানের কিছু কথা বলেছেন বিভিন্ন জায়গাতে। আমাদের এইসব জায়গাগুলোতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি মন্ত্রণালয় পর্যন্ত। কোনো কাজ জুলাইযোদ্ধাদের জন্য জুলাই সনদের জন্যও করতে দিতে চায় না। সবগুলো জায়গায় তারা চাঁদাবাজি, দখলবাজি, অলরেডি দখল করে রেখেছে। কুষ্টিয়াকে আমরা সাজাতে যাদের হাত ধরে কাজ করব তারা ওপরে লবিং করে ওনাদের বিদায় করে দেয়। কুষ্টিয়ার ডিসিকে বিদায় করেছে, টিএনওকে বিদায় করেছে, হাসপাতালে ডিডিকে বিদায় করেছে। আমরা কাজ করবো কাদের নিয়ে।
আপনাদের যে সমস্ত বার্তা, যে সমস্ত টাকা-পয়সা, সম্মান আমরা রাষ্ট্র থেকে নিয়ে আসবো একটাও তারা রাজি না।
বর্তমান সরকাকে আহ্বান জানিয়ে আমির হামজা বলেন, আমরা আজকের এই ময়দান থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি শুভবুদ্ধির উদয় হোক। আপনারা পাঁচ বছর চালান, কিন্তু ভালোভাবে চালান। বাংলাদেশে জামায়াত ইসলামসহ আমরা যারা ১১ দলীয় সংসদ সদস্য সংসদ বয়কট করে যদি রাজপথে আসি, দুই দিনও টিকতে পারবেন না। আপনাদের ভালোর জন্যই বলছি দেশটা যদি চালাতে হয় ভালোভাবে চালান। জুলাই সনদ মেনে নিলে আমাদের যদি সমস্যা না থাকে আপনাদের সমস্যা কী? সুতরাং সবাইকে আহ্বান জানাচ্ছি দেশের জন্য সব ষড়যন্ত্রে পা না দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি।
খেলাফত মজলিসের কুষ্টিয়ার সভাপতি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক, এনসিপির কুষ্টিয়ার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি প্রমুখ।
কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।
রবিউল আলম ইভান/আরএআর
