পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা একটি ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ট্রলারে থাকা ১২ জেলেকে মারধর করে আহত করা হয়। পরে ট্রলারে থাকা মাছ, জাল ও জ্বালানি তেলসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
বুধবার (৫ আগস্ট) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ট্রলারটির নাম এফবি মিম। আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।
জানা গেছে, হামলায় আহত তিন জেলেকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুবকে (৪০) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ট্রলারের মালিক ইব্রাহিমের ভাষ্য, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে চরফ্যাশন থেকে মাছ ধরতে সাগরে যায় এফবি মিম। কয়েকদিন মাছ শিকার শেষে তীরে ফেরার সময় গভীর সাগরে জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটির গতিরোধ করে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি দল অস্ত্র হাতে ট্রলারে উঠে জেলেদের ওপর হামলা চালায়
তিনি আরও বলেন, জলদস্যুরা জেলেদের মারধর করে ট্রলারে থাকা মাছ, জাল, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পায়রা বন্দর নৌপুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাটি নৌপুলিশের সরাসরি আওতাধীন এলাকায় না ঘটলেও আহত জেলেদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
এসএম আলমাস/এএমকে
