ভারতীয় তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান মেহেদী একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান মেহেদীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে তারা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজেদের মধ্যে আদান-প্রদান করে। ভারতীয় ওই তরুণীর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ও তার নিকট আত্মীয়দের কাছে পাঠিয়ে দেন প্রেমিক মোস্তাফিজুর রহমান মেহেদী। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।
পরবর্তী সময়ে জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন প্রেরণ করার পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল রাতে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে সাইবার অপরাধে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভুক্তভোগী তরুণীর নিকট আত্মীয়দের কাছে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেয় করার অভিযোগের সত্যতা পায় পুলিশ।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আজ বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।
আরকে
