জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে একদিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম আবারও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাকের আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
এর আগে, বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারস্পরিক সম্মতিতে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে ওই দিনও ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, একদিনের ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। বর্তমানে বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাকের চলাচল ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।
ইব্রাহিম খলিল/এসএইচএ
