বিজ্ঞাপন

আদালতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে প্রবীণ আইনজীবী রুহুল আমিনের মৃত্যু

আদালতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে প্রবীণ আইনজীবী রুহুল আমিনের মৃত্যু

আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বারে আইন পেশায় যুক্ত ছিলেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সিনিয়র এই আইনজীবীর মৃত্যুতে আমরা শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। 

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। সহকর্মীরা দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।

রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি। অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

তার একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তার দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্চুয়ারিতে রাখা হবে। ছেলে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করার করা হবে।

রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আনোয়ারুল হক/এসএইচএ