বিজ্ঞাপন

প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে রসিকের উদ্যোগ

প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে রসিকের উদ্যোগ

রংপুর নগরীর প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরশেন (রসিক)। এ লক্ষ্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাথে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম চালু নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রংপুর সিটি করপোরেশনের কনফারেন্স রুমে রসিকের পক্ষে প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ চুক্তির মাধ্যমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল সিটি করপোরেশনের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সপ্তাহে দু’দিন রোববার এবং মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। এছাড়া হাসপাতালে স্বল্পমূল্যে নগরের বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে। 

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. কামরুজ্জামান ইবনে তাজ, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ