বিজ্ঞাপন

টাকা তুলে ব্যাংক থেকে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার ২

টাকা তুলে ব্যাংক থেকে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার ২

নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ‘ছিনতাইকারী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে লালপুর থানায় এক সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা গ্রামের আলমাছ আলীর ছেলে সবুজ আলী (২০) এবং লালপুর উপজেলার ভাদুর বটতলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহাগ আলী (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা জেসমিন নাহার (৪০) ডাচ-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে বৈদ্যনাথপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জেসমিন নাহার বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সবুজ আলী এবং সোহাগ আলী নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আশিকুর রহমান/এসএইচএ