বিজ্ঞাপন

চলন্ত ট্রেন থেকে পড়ে ক্যানটিন বয় নিহত

চলন্ত ট্রেন থেকে পড়ে ক্যানটিন বয় নিহত

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে রাশেদুল ইসলাম (২৫) নামের এক ক্যানটিন বয় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণে তেঘর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ক্যানটিনে খাদ্যবাহক (ক্যানটিন বয়) হিসেবে কাজ করতেন।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জামালগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই রাশেদুল ট্রেনের একটি বগির দরজায় দাঁড়িয়ে ছিলেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি জয়পুরহাটের তেঘর রেলগেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ রেললাইনের পাশের একটি সিগন্যাল পোলের সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তার মুখমণ্ডলে ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

‎ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হাসপাতালে যায়। যেহেতু এটি রেলওয়ে সংক্রান্ত ঘটনা, তাই বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেবে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে উঁকি দেওয়ার সময় পোলের সঙ্গে ধাক্কা লেগে ক্যানটিন বয়ের মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চম্পক কুমার/এসএইচএ