বিজ্ঞাপন

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র : এমপি নাছির চৌধুরী

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র : এমপি নাছির চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি দাবি করেন, এটাই বিএনপির মূল সমাবেশ। আগামী ৮ তারিখে বিএনপির ব্যানারে আলাদা সমাবেশ করার উদ্যোগকে তিনি দলের মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজের বিরুদ্ধে চলা নানা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে নাছির চৌধুরী বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, তারাই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে লাখ লাখ টাকা লুটপাটের অভিযোগ আনা হলেও প্রকৃতপক্ষে কত টাকা বরাদ্দ এসেছে, তা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে যাচাই করার আহ্বান জানান।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেব না।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের মধ্যে ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলম, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম ও সোহেল মিয়া।

এছাড়া বক্তব্য দেন কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, তাড়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া, চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ দীপ আলী, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রিনা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সেজু মিয়া, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান এবং তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার।

তামিম রায়হান/এসএইচএ