নীলফামারীর সৈয়দপুরে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সকালে হাসপাতালে সন্তান প্রসব করে দুপুরে পরীক্ষা কেন্দ্রে এসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন উম্মি নামে এক পরীক্ষার্থী ৷ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।
উম্মি শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে ও গয়া গোলাহাট কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
জানা যায়, আজ সমাজ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে উম্মির প্রসব ব্যথা শুরু হয়। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি সন্তান প্রসব করেন। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্র সচিবকে বিষয়টি জানিয়ে শারীরিক অসুস্থতা নিয়েই তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শেষে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সচিব সেই পরীক্ষার্থীর নবজাতক সন্তানকে উপহার সামগ্রী দেন।
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. শাহীদ শাহাব ঢাকা পোস্টকে বলেন, আজকে একজন পরীক্ষার্থী সকালে হাসপাতালে সন্তান প্রসব করেন। পরে দুপুরে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটি আমাদের জানালে আমরা তার পরীক্ষা নিয়েছি। সেইসঙ্গে পরীক্ষা শেষে তার নবজাতক সন্তানকে আমাদের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
