বিজ্ঞাপন

স্বামীর মৃত্যুর আধা ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু

স্বামীর মৃত্যুর আধা ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় স্বামীর মৃত্যুর মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মারা গেছেন স্ত্রীও। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- স্থানীয় মুদিদোকানি হায়দার আলী (৭০) ও তার স্ত্রী রহিমা বেগম। একমাত্র ছেলের মৃত্যুর শোক নিয়ে বেঁচে থাকা এই দম্পতির এমন মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হায়দার আলী তার মুদিদোকানে থাকাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন। আশপাশের লোকজনের সহায়তায় দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে পথেই তার অবস্থার অবনতি হয় এবং পথেই তার মৃত্যু।

স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেলে স্ত্রী রহিমা বেগম স্বামীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। স্বামীর শোকে বারবার মূর্ছা যান। স্বামীকে হারানোর আকস্মিক এই আঘাতে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই প্রায় আধা ঘণ্টার মধ্যে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রায় তিন বছর আগে এই দম্পতির একমাত্র উপার্জনক্ষম ছেলে জুয়েল স্ট্রোক করে মারা যান। ছেলের মৃত্যুর পর থেকেই হায়দার আলী হৃদরোগে আক্রান্ত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। ছেলের রেখে যাওয়া স্ত্রী ও দুই নাতি-নাতনিকে নিয়ে সংসারের হাল ধরেছিলেন তিনিই। তার মুদিদোকানটিই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। পুত্রবধূও তাকে দোকানে সহযোগিতা করতেন।

মৃত হায়দার আলীর শ্যালক মাওলানা আশরাফুল আলম বলেন, একমাত্র ছেলের মৃত্যুর পর থেকেই দুলাভাই এবং বোন দুজনেই মানসিক কষ্টে ছিলেন। দুলাভাই হৃদরোগে ভুগছিলেন। আজ বিকেলে তিনি মারা যাওয়ার পর সেই খবর শুনে বোন আর নিজেকে সামলাতে পারেননি। প্রায় আধা ঘণ্টার ব্যবধানে তিনিও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, শারীরিক অসুস্থতায় মুদিদোকানি হায়দার আলীর মৃত্যু হয়। এর প্রায় আধা ঘণ্টা পর তার স্ত্রীও মারা যান। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

আশিকুর রহমান/এসএইচএ

বিজ্ঞাপন