রাজধানীর বনানীর একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণালংকার কিনতে গেলে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বনানী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বিকেল ৪টার দিকে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে প্রবেশ করেন। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। পছন্দের গয়না বিল করে প্যাকেট করার পর মূল্য পরিশোধের জন্য তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন।
টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করলেও অন্যজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেলের কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া পলাতক সহযোগীসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
জেইউ/এএমকে
