চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ছুরিকাঘাতে শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, পশ্চিম মাদারবাড়ি ১ নম্বর গলির আব্দুল সালাম মসজিদের সামনে অজ্ঞাত কারণে ছুরিকাঘাতের শিকার হন শাহিন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, সদরঘাট থানা এলাকা থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত শাহিনের বাবার নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।
আরএমএন/এএমকে
