বিজ্ঞাপন

বাল্কহেডের ধাক্কায় সেতুতে ধস, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

বাল্কহেডের ধাক্কায় সেতুতে ধস, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

বরিশালের বাকেরগঞ্জে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় জনগুরুত্বপূর্ণ একটি সেতু ধসে পড়েছে। এতে অন্তত পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার চরাদী ইউনিয়নের হলতা বাজার-সংলগ্ন খালের ওপর নির্মিত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বালুবোঝাই একটি বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝের পিলারে ধাক্কা দেয়। এতে পিলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেতুর মাঝের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে সব ধরনের যানবাহন ও মানুষের চলাচল বন্ধ রয়েছে। সেতু ধসে চরাদী, হলতা, সন্তোষদী, মকিমাবাদ ও দক্ষিণ চরাদী গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ এই সেতু ব্যবহার করে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বাজার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। সেতু ধসে পড়ায় তাদের এখন বিকল্প পথে চলাচল করতে হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

চরাদী গ্রামের বাসিন্দা সুজন হাওলাদার বলেন, এই সেতুটি এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল। ধসে পড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।

বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সেতুটি মেরামত অথবা পুনর্নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএমকে

বিজ্ঞাপন