বিজ্ঞাপন

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১০ যাত্রী আহত

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১০ যাত্রী আহত

বরিশাল থেকে ৪২ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে সাগরিকা পরিবহনের একটি বাস ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের বাবলাতলা বাসস্ট্যান্ডের ১০০ মিটার দক্ষিণে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসের ভেতর দুই সারিতে চারজন করে মোট ৪২ জন যাত্রী বসা ছিল। চালকসহ বাসের স্টাফ ছিল তিনজন। সব মিলিয়ে বাসে মোট ৪৫ জন লোক ছিল। দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত ১০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সত্যতা নিশ্চিত করেন এ উদ্ধার অভিযানে অংশ নেওয়া ভাঙ্গা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিকাইল গাজী। তিনি বলেন, আমরা বাসটির মোট ১০ জন যাত্রীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম। বাকি সবাই সুস্থ-স্বাভাবিক ছিলেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তারাও সবাই ছোটখাটো আহত হয়েছেন। কারও হাত ছুলে যাওয়া, কারও পায়ে আঘাত পাওয়া জাতীয় সমস্যা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বাসটি বাবলাতলা ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকের খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২ আগস্ট বিকেল ৪টার দিকে একই স্থানে একই জাতীয় একটি দুর্ঘটনা ঘটে। ওই দিন ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনা যাওয়ার পথে  ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ওই খাদের পানিতে পড়ে গেলে ওই বাসের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন।

জহির হোসেন/আরকে

বিজ্ঞাপন