বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় ৭ শ্রমিক নিহতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এসব তথ্য জানান।
এর আগে, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উঠে যায়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।
জেলা প্রশাসক জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য ২ সদস্য হলেন জেলা পুলিশের একজন প্রতিনিধি ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা আজই দেওয়া হবে।
তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।
আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহীরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যোগাযোগ করতে পারেন।
দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
আব্দুল মোমিন/এমএমবি
