বিজ্ঞাপন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রবাসীর একদিন পর মরদেহ উদ্ধার

মাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রবাসীর একদিন পর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর প্রবাসী ইউনুস আলীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি নলেয়া নদী থেকে রংপুরের ডুবুরি দল তার মরদেহদ উদ্ধার করে।

এরআগে, বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে দুপুর থেকে নিখোঁজ ছিলেন এ প্রবাসী।

প্রবাসী ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে থেকে সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন তিনি।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকার নলেয়া নদীতে মাছ ধরতে যান ইউনুস। পরে রাত ১০টা বাজলেও ইউনুস আলী বাড়িতে না ফেরায় খুঁজতে থাকেন তার পরিবার ও স্বজনরা। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে না পেয়ে পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশকে জানায় পরিবার।

শুক্রবার সকালে প্রথমে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস এবং পরে তাদের খবরে রংপুর থেকে আসা ডুবুরি দল ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটির প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের নলেয়া নদী থেকে মরদেহ উদ্ধার করে। 

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রংপুর থেকে আসা ৭ সদস্যের একটি টিম আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।

মাসুম বিল্লাহ/এসএইচএ