বিজ্ঞাপন

সংস্কৃতি প্রতিমন্ত্রী

পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন

পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন

রাজবাড়ীর গোয়ালন্দের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলেছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

পরে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারেজ আমরা করব। কিন্তু পদ্মা সেতুও আমাদের দরকার। আপনারাই বলেন, দ্বিতীয় পদ্মা সেতু দরকার না?’ এ সময় উপস্থিত জনতা সমস্বরে ‘হ্যাঁ’ বলে সাড়া দেন। জবাবে তিনি বলেন, ‘এটি বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

গোয়ালন্দের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ চলছে। চলতি অর্থবছরেই এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন কার্যক্রমে জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।

গোয়ালন্দের বেহাল সড়ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু গোয়ালন্দ নয়, সারা দেশের রাস্তাঘাটসহ বিভিন্ন খাতে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে সময় লাগলেও সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি অর্থবছরেই গোয়ালন্দের অনেক সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাম্প্রতিক সময়ে এনসিপিকে উদ্দেশ করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সুষ্ঠু, সুস্থ ও সাবলীল সংস্কৃতি দেখতে চাই। সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে সরকার কাজ করছে।’ তিনি আরও বলেন, দীর্ঘদিন সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতার অভাবে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব যুবসমাজের ওপরও পড়েছে।

এর আগে সকালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গোয়ালন্দে পৌঁছান প্রতিমন্ত্রী। তিনি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রবেশের সময় আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য বিছানো লালগালিচা ব্যবহার না করে পাশের পথ দিয়ে হেঁটে যান প্রতিমন্ত্রী। তার এই ব্যতিক্রমী আচরণ উপস্থিতদের মধ্যে আলোচনার জন্ম দিলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএমবি

বিজ্ঞাপন