বিজ্ঞাপন

তিস্তা নদীর ডানতীরের প্রধান বাঁধে ভাঙন, ঝুঁকিতে কয়েক গ্রাম

তিস্তা নদীর ডানতীরের প্রধান বাঁধে ভাঙন, ঝুঁকিতে কয়েক গ্রাম

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর ডানতীরের প্রধান বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে তিস্তার ডানতীরে অবস্থিত ১ নম্বর স্পার বাঁধটি ও ভেন্ডাবাড়ি গ্রামের মানুষজন ঝুঁকির মধ্যে পড়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেন্ডাবাড়ি এলাকায় এ ভাঙন শুরু হয়।

জানা যায়, গত ২২ জুলাই তিস্তার পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সময় পানির চাপ বেড়ে যায়। একই সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ডানদিকে সরে আসায় ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা, কেল্লাপাড়া ও ভেন্ডাবাড়ি এলাকায় তীব্র নদীভাঙন শুরু হয়। পরে পানির প্রবাহ কমে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

১৪ দিনের ব্যবধানে গত ৫ আগস্ট তিস্তা নদী হঠাৎ গর্জে উঠলে, সেদিন সকালে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার (৫২ দশমিক ২৮ মিটার) ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেদিন বিকালে পানি বিপৎসীমার নিচে নেমে আসে। গত দুইদিনে পানি কমে আসলে আজকে শুক্রবার সকালে ভেন্ডাবাড়ি ১ নম্বর স্পার প্রধান বাঁধ এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়।

ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, হঠাৎ তিস্তা নদী ডানদিকে সরে এসে প্রধান বাঁধে আঘাত করতে শুরু করেছে। শুক্রবার সকালে ভেন্ডাবাড়ি ১ নম্বর স্পার বাঁধসহ বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। বাঁধটি ভেঙে গেলে ভেন্ডাবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, গত ২ দিন তিস্তার পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়েছে। পানি কমতে শুরু করার মুহূর্তে শুক্রবার সকালে ভেন্ডাবাড়ি এলাকায় নদী ডানতীরের বাঁধে আঘাত হানতে শুরু করে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে কাজ করা হচ্ছে।

শাহজাহান ইসলাম লেলিন/এমএমবি

বিজ্ঞাপন