বিজ্ঞাপন

অর্ধনির্মিত সাইক্লোন শেল্টার, কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদার

অর্ধনির্মিত সাইক্লোন শেল্টার, কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদার

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর ইবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের প্রায় অর্ধেক কাজ করেই লাপাত্তা হয়েছেন ঠিকাদার। ফলে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ৩ বছর পরও গুরুত্বপূর্ণ স্থাপনাটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। 

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে ফেলে রাখা ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-২) কাজী রওনাকুল ইসলাম টিপু। এ সময় তিনি প্রকল্পের বর্তমান অবস্থা, নির্মাণকাজ বন্ধ থাকার কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজখবর নেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২১ সালের মার্চে রঘুনাথপুর ইবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২৩ সালের মার্চে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি। ঠিকাদার প্রায় অর্ধেক কাজ করার পর নির্মাণকাজ বন্ধ করে চলে যান।

প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটির বিপরীতে ঠিকাদার ১ কোটি ২৫ লাখ টাকা তুলে নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এরপর থেকেই নির্মাণকাজ বন্ধ রয়েছে। দীর্ঘ ৩ বছর ধরে ভবনটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকায় প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার ও কাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিদর্শন শেষে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-২) কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, প্রকল্পের কাজ শেষ না করে ঠিকাদার চলে গেছেন। সরেজমিনে এসে প্রকল্পটির বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। দ্রুত ফেলে রাখা নির্মাণকাজ পুনরায় শুরু করে শেষ করা হবে।

স্থানীয়রা জানান, দ্রুত নির্মাণকাজ শেষ করে ভবনটি ব্যবহারের উপযোগী করা হলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি দুর্যোগের সময় স্থানীয় বাসিন্দারাও নিরাপদ আশ্রয়ের সুবিধা পাবেন।

এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো. মোস্তফা রায়হান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাদী মো. হিমেল/এমএমবি