চাঁদপুরের শাহরাস্তিতে বাবার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো. মনির হোসেন বাবু (৪০) নামে এক যুবককে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
এর আগে বৃহস্পতিবার রাতে শাহরাস্তি থানার একটি দল অভিযান চালিয়ে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা (শামছুল মুহুরির বাড়ি) এলাকার বাসিন্দা মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, মামলার বাদী ও অভিযুক্তের বাবা আ. মমিনের অভিযোগ, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীকে মারধর এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিত। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তার আচরণে পরিবর্তন আসেনি। গত ২৫ জুলাই স্ত্রীর ওপর হামলার ঘটনায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জের ধরে ২৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মনির হোসেন বাবু তার বাবার বসতঘরে আগুন দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তের বাবা আ. মমিন জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রসহ পুরো ঘর পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আনোয়ারুল হক/এসএইচএ
