বিজ্ঞাপন

নেত্রকোণায় বড়বাজারে ভয়াবহ আগুন

নেত্রকোণায় বড়বাজারে ভয়াবহ আগুন

নেত্রকোণা জেলা শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে ইলেকট্রনিক ও প্লাস্টিক সামগ্রীর দোকানসহ অন্তত ৪-৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিক হিসাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বড়বাজারের একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্লাস্টিক ও দাহ্য ইলেকট্রিক সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের পেছনের দিকে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নেত্রকোণা সদরসহ কলমাকান্দা, মোহনগঞ্জ, পূর্বধলা ও বারহাট্টা উপজেলার ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ১০টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যার ফলে পেছনের আবাসিক বাসাবাড়িতে আগুন ছড়াতে পারেনি।

উল্লেখ্য, বড়বাজার এলাকাটি নেত্রকোণা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ঘনবসতিপূর্ণ এই বাজারে পোশাক, কসমেটিকস ও ইলেকট্রনিক্সসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

চয়ন দেবনাথ মুন্না/এএমকে