ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনায় এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার এবং তার বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে।
হল প্রশাসনের জারি করা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ৬ আগস্ট ২০২৬ থেকে আগামী ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে যমুনা ব্লকের ৯০০৫ (সি-২) নম্বর কক্ষের তার বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, গত ১৯ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের অতিথি কক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে তার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং যমুনা ব্লকের ৪০০৬ (সি-২) নম্বর কক্ষে অবস্থান করতেন।
ঘটনার পর হল প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে আব্দুল্লাহ আল মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। হল প্রশাসনের ভাষ্য, তার কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে বহিষ্কৃত শিক্ষার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এএমকে
