বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সাত নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশের সংশ্লিষ্ট ধারায় জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) ভোরে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বেনীপুর বিওপির সুবেদার মো. ফিরোজ খান সংগীয় সদস্যদের নিয়ে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামের একটি ধানখেতের পাশে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে সকাল প্রায় ৬টা ১০ মিনিটে সাত নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রেশমী আক্তার (৩০), শরিফা আক্তার (৩০), শিলা খানম (২৭), রাশিদা খাতুন (১৯), আসিয়া খাতুন (৩৮), কাজল (২০) এবং হাওয়া বিবি (৫১)। তাদের বাড়ি কুমিল্লা, টাঙ্গাইল, বাগেরহাট, রাজবাড়ী, পাবনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা বৈধ পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের উদ্দেশে সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাত নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরেই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

আফজালুল হক/এএমকে

বিজ্ঞাপন