চাঁদাবাজি ও মারামারির মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় জড়িত থাকা এবং চাঁদাবাজির অভিযোগে মোট দুটি মামলা হওয়ায় আজাদ হোসেনকে গত ২৬ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আজাদ হোসেনের লিখিত জবাব জেলা বিএনপির কাছে জমা পড়ে। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার দলীয় পদ স্থগিত করা থাকবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে আজাদ হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই আজাদ হোসেন এবং উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাককে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেয় সিরাজগঞ্জ জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার বিষয়টি উল্লেখ করে তাদের তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। আজাদ হোসেনের বিরুদ্ধে এর পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে পৃথক আরেকটি মামলার বিষয়ও নোটিশে উল্লেখ করা হয়েছিল।
এর আগে ২৭ জুলাই উল্লাপাড়া মডেল থানা পুলিশ মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে। পরদিন ২৮ জুলাই সকালে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
নাজমুল হাসান/আরকে
