ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, মানুষের চিন্তাকে বাদ দিয়ে রোবোটিকস হতে পারে না। আমি মনে করি, রোবোটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমাদের দেশের মেধাবী তরুণরা তালে তালে এগিয়ে যাবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা, প্রযুক্তির উদ্ভাবন, দক্ষতা, উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে এই মেধাবী তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ আয়োজিত জাতীয় রোবোটিক উৎসব (রোবোফিউশন ১.০) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানব কল্যাণে আমাদের সরকার দৃঢ়ভাবে কাজ করছে। আমরা ৬ মাস হলো দায়িত্ব পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। আমরাও তার সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। এখানে আগত শিক্ষার্থীদের প্রধান কাজ হলো প্রযুক্তি উদ্ভাবন।
শুধু প্রযুক্তি ব্যবহার করা নয়, বরং কীভাবে প্রযুক্তি উদ্ভাবন করা যায় সেটি লক্ষ্য হতে হবে। শিক্ষার্থীদের গবেষণা থেকে বেরিয়ে আসুক নতুন উদ্ভাবন, নতুন প্রযুক্তি। আমরা আশা করি, এই তরুণরা শুধু চাকরির জন্য তৈরি হবে না বরং নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশে কর্মসংস্থান তৈরি করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতার পরিচয় গড়ে তুলবে। এজন্য আমাদের সরকারও গুরুত্বের সাথে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এর মাধ্যমে আমরা প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, গবেষণা বিকাশে কাজ করছি। আমাদের লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নয়, বরং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে নতুন কিছু উদ্ভাবন করা যায় সেভাবে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী আরও বলেন, এই অনুষ্ঠানে এসে আমি কিছু অসুবিধার বিষয় অবগত হলাম। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণে কাজ শুরু হবে। জমি অধিগ্রহণ জটিলতা থেকে শুরু করে যতগুলো অসুবিধা রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তা নিরসন করা হবে।
অনুষ্ঠানে সারা দেশের ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান, সানজিদা ইসলাম তুলি এমপি, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভুইয়া, গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়াসহ প্রমুখ।
আশিকুর রহনান/এসএইচএ
