যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের অংশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী বাসে থাকা অন্তত ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকার নলকা ব্রিজের প্রায় ২০ গজ পূর্ব পাশে ঢাকাগামী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলকা ফ্লাইওভার থেকে নেমে সার্ভিস লেন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ঢাকাগামী সার্ভিস লেন দিয়ে নলকা ফ্লাইওভারের দিকে যাচ্ছিল।
ফ্লাইওভারের পূর্ব পাশে সার্ভিস লেনে বাস ও ট্রাকটি পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসে থাকা দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বাসে থাকা ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
শনিবার সকালে যমুনা সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তাক ঢাকা পোস্টকে বলেন, নলকা এলাকায় আনুমানিক রাত সোয়া ১২টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নাজমুল হাসান/আরএআর
