মাদরাসায় যেতে অনিচ্ছা ছিল ১২ বছরের ইয়াসমিন আক্তারের। তবুও সকালে খালাতো ভাই তাকে ফেনী শহরের হাজারী রোডের দারুল নাজাত মহিলা মাদরাসায় দিয়ে যান। কিছুক্ষণ পর মাদরাসা থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে ভবনের জানালার কার্নিশে আটকা পড়ে সে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে হাজারী রোডের দারুল নাজাত মহিলা মাদরাসা ভবনে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ইয়াসমিন আক্তার ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার দুবাইপ্রবাসী আবদুস শুক্কুরের মেয়ে। সে দারুল নাজাত মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসমিন এর আগে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে। সম্প্রতি তার মা জেসমিন আক্তার তাকে দারুল নাজাত মহিলা মাদরাসায় এনে চতুর্থ শ্রেণিতে ভর্তি করেন। তবে মাদরাসায় পড়াশোনার প্রতি তার অনিচ্ছা ছিল। এজন্য এর আগেও সে মাদরাসা থেকে পালানোর চেষ্টা করেছে। শনিবার সকালে ইয়াসমিনকে তার খালাতো ভাই মাদরাসায় দিয়ে যান। কিছুক্ষণ পর সে মাদরাসা থেকে বের হওয়ার চেষ্টা করে ভবনের একটি জানালার কার্নিশে উঠে পড়ে। একপর্যায়ে সেখানে আটকা পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ মামুন মিয়া বলেন, দুপুর ১২টার দিকে একটি পাঁচতলা ভবনের কার্নিশে এক শিশু আটকে থাকার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ারফাইটার আবদুল্লাহ আল মামুন শিশুটিকে নিরাপদে কার্নিশ থেকে নিচে নামিয়ে আনেন। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তারেক চৌধুরী/এসএইচএ
