বিজ্ঞাপন

বিএসএফের ধরে নেওয়া বৃদ্ধকে ফেরত চেয়ে ভারতীয় নাগরিককে আটক

বিএসএফের ধরে নেওয়া বৃদ্ধকে ফেরত চেয়ে ভারতীয় নাগরিককে আটক

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর বাংলাদেশে ঢুকে পড়া এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় লোকজন।

শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে ঢোকার পর তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসা হয়।

আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে দীপঙ্কর গোপ সীমান্তের ওপারে একটি চা-বাগানে কাজ করতে যান। একপর্যায়ে কাঁটাতারের বেড়া পার হয়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। পরে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজনের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। স্থানীয় লোকজনের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

তমিজ উদ্দীনের পরিবারের সদস্যরা জানান, তিনি বয়স্ক এবং কানে কম শোনেন। ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি চলে যেতে পারেন তিনি।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে গিয়েছিল। আমার বাবা বয়স্ক মানুষ, কানে কম শোনে, চলতেও পারে না। কীভাবে কী হয়েছে, কিছুই জানি না। আমরা বাবাকে ফিরে পেতে চাই। বাবাকে ফিরিয়ে দিলে ভারতীয় ওই লোককে আমরা ফেরত দিয়ে দেব।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, আমি শুনেছি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। স্থানীয়দের বক্তব্য হচ্ছে, বিএসএফ তমিজ উদ্দীনকে ফেরত দিলে তারাও ভারতীয় নাগরিককে ছেড়ে দেবেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সাধারণ জনগণের দাবি হচ্ছে, এর আগে ভারতীয় ভূখণ্ডে একজন বাংলাদেশি প্রবেশ করায় বিএসএফ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাদের দাবি, ওই ব্যক্তিকে ফেরত দিলে বাংলাদেশে আটক ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়া হবে। তা ছাড়া তারা ভারতীয় নাগরিককে ফেরত দিতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, বিএসএফ পতাকা বৈঠক করতে চাচ্ছে, যাতে আমরা সরাসরি ওই ব্যক্তিকে ফেরত দিয়ে দিই। কিন্তু ওই ব্যক্তি এখন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বাংলাদেশের অংশে চুরির অভিযোগে সাধারণ জনগণের হাতে আটক হয়েছেন।

নুর হাসান/এসএইচএ