ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ সিএনজি অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি ফালান শেখকে (২৫) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফালান শেখ হালুয়াঘাট উপজেলার নাসুল্লা গ্রামের সাবজাল শেখের ছেলে। তিনি অন্য জেলার একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি।
শুক্রবার (৭ আগস্ট) রাতে গাজীপুর থেকে ফালান শেখকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৮ আগস্ট) বিকেলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে হালুয়াঘাট থানা থেকে ফালান শেখকে ময়মনসিংহ আদালতে নেওয়া হচ্ছিল। পথে নাগলা বাজারে একটি সিএনজি অটোরিকশা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি নাগলা বাজার মোড়ে পৌঁছালে ফালান শেখ হাতকড়াসহ লাফ দিয়ে নেমে শাকুয়াই সড়কের দিকে দৌড়ে পালিয়ে যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, পরোয়ানাভুক্ত আসামি ফালান শেখকে আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ সিএনজি থেকে লাফিয়ে পালিয়ে যান। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
সাখাওয়াত সুমন/এসএইচএ
