বিজ্ঞাপন

ভৈরবে ট্রেনের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে নারীর মৃত্যু

ভৈরবে ট্রেনের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামের মুন্সিবাড়ির মাহবুব মিয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশা মেরামতের জন্য সমিতি থেকে ঋণ নিয়েছিল মরিয়মের পরিবার। রোববার ছিল সেই ঋণের কিস্তি দেওয়ার দিন। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় কিস্তির টাকা জোগাড় করতে শনিবার সকালে স্বর্ণ বন্ধক রাখতে ভৈরবে আসেন মরিয়ম। কাজ শেষে তিনি ছোট বোনের স্বামীর বাড়িতে কিছু সময় কাটিয়ে বিকেলে তাড়াইলে ফেরার উদ্দেশ্যে স্টেশনে যান। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এগারসিন্দুর ট্রেনের জন্য অপেক্ষা করার সময় একটি দোকানে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অভিযান ও লোকজনের জটলা দেখতে পান। সেখানে এগিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে পড়ে গুরুতর আহত হন। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাখাওয়াত হোসেন/এমএসএ