বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থী নিহত

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আলী (১৫) নামে এক মাদরাসাশিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এই বিক্ষোভ শুরু করেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা ৩০ মিনিট) শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ চলমান রয়েছে।

জানা গেছে, তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাসে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদেরও প্রতিদিন এই মহাসড়ক পারাপার হতে হয়। কিন্তু ব্যস্ত এই সড়ক পারাপারে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন এবং মহাসড়কে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের দাবি, কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে এসব বিষয়ে আশ্বাস দিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিক্ষোভ চলমান রয়েছে, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তারা যেসব দাবি জানিয়েছে তা নিয়ে আমরা সমন্বয় করছি। দ্রুত বিষয়টি সমাধান করা হবে। 

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৫) নিহত হয়। 

আশিকুর রহমান/এএমকে