কিশোরগঞ্জের কটিয়াদীতে জাকির হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
জাকির ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ছয় মাস আগে দেশে ফিরে সংসারের দেখভাল করছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর টর্চলাইট নিয়ে মাগুরা ভিটা বিলে মাছ ধরতে বের হন জাকির। কয়েক ঘণ্টা পর বাড়ির পেছনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এক নিকটাত্মীয়। তার বুকে একটি ছুরি গাঁথা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তবে স্থানীয় কয়েকজনের দাবি, জাকিরের নিকটাত্মীয়দের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তারা নিশ্চিত নন।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছুরিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরএআর
