বিজ্ঞাপন

শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

মানিকগঞ্জ সদর উপজেলায় খেলার মাঠের পাশে শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

মৃত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে সে আকরাম নামে এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে সিহাবের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকাল ৬টার দিকে স্থানীয়রা শহীদ মিনারে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিহাবের কর্মস্থলের মালিক মো. মনির হোসেন বলেন, শনিবার সিহাব ছুটি নিয়েছিল। ওই দিন সে কর্মস্থলেও যায়নি।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সিহাব বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে রাত কাটাচ্ছিল। তবে তার মৃত্যুর কারণ বা এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাইফুল ইসলাম/এমএমবি

বিজ্ঞাপন