বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চাকা পাংচার, অ্যাম্বুলেন্স উল্টে আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চাকা পাংচার, অ্যাম্বুলেন্স উল্টে আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছনের চাকা পাংচার হয়ে অ্যাম্বুলেন্স উল্টে ৪ জন আহত হয়েছেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা এলাকার ম্যুরাল এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫),তারজিন জাহান (৫০), সাদিকা আনসারী (১২)। আহত সকলের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গোলামনগর গ্রামে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি ঝিনাইদহ থেকে একজন রোগীকে নিয়ে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে যাচ্ছিল। পথে পেছনের চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িতে চালক, রোগী ও স্বজনসহ মোট ৫ জন ছিলেন।

ফায়ার সার্ভিস কর্মীরা অ্যাম্বুলেন্সে আটকা পড়া রোগীসহ ৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যানজট সৃষ্টি হয়। পরে গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ব. ম শামীম/এসএইচএ