বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল কলেজে ৫০, সদর-উপজেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে

মেডিকেল কলেজে ৫০, সদর-উপজেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সারাদেশে মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা, সদর ও উপজেলা পর্যায়ে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার করা হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এছাড়াও আগামী দুই বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোতেও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এছাড়াও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে।

এসময় তিনি বলেন, ‘বহু হাসপাতালের এক্স-রে মেশিন ২ নম্বর মেশিন আইনা ফ্যাসিস্ট সরকারে ফেলায়ে গেছে। এগুলো ভঙ্গুর এখন ভাঙারির কাছে বেচতে হয়। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন। তবে আমরা জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করবো, আমাদের যা যা করার ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করবো।’

মন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন করা হবে। এর মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সবার সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলা হবে। যেন গ্রামাঞ্চলের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাবেন। গ্রামাঞ্চলের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাবেন। এতে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আধুনিক, জনবান্ধব ও প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. এ কে এম মাহাবুবুর রহমান প্রমুখ।

এর আগে সকালে চাঁদপুরে ঝটিকা সফরে এসে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য মন্ত্রী। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে মৌখিকভাবে তাকে সতর্ক করে স্ট্যান্ড রিলিজ প্রত্যাহার করেন মন্ত্রী।

আনোয়ারুল হক/এমএমবি

বিজ্ঞাপন