বিজ্ঞাপন

প্রেমের টানে যশোরে চীনা প্রকৌশলী, শেষে ফিরলেন খালি হাতে

প্রেমের টানে যশোরে চীনা প্রকৌশলী, শেষে ফিরলেন খালি হাতে

তিন মাসের অনলাইন পরিচয় গড়িয়েছে গভীর প্রেমে। সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে যশোরের মনিরামপুরের প্রত্যন্ত গ্রাম হুরগাতীতে ছুটে এসেছিলেন ৪২ বছর বয়সী ইউ লিয়াংলিয়াং। ইচ্ছা ছিল পছন্দের মেয়েটির পরিবারের সম্মতি পেলে বিয়ের প্রস্তাব দেবেন। তবে মেয়েটির বয়স কম হওয়ায় শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি। বিয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসে খালি হাতেই ফিরে যেতে হলো চীনা এই নাগরিককে।

এদিকে আকস্মিক চায়না নাগরিক বাড়িতে আসায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন মেয়েটির পরিবার। একদিকে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের মন্তব্যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে কাটছে, অপরদিকে প্রতিবেশীদের কানা-ঘুসায় লজ্জায় পড়েছেন তারা।

পেশায় প্রকৌশলী (জাহাজ নির্মাণ) ইউ লিয়াংলিয়াংয়ের জন্মস্থান চীনের পূর্ব উপকূলীয় অঞ্চল পীত সাগর ও রোহাই সাগরের তীরে অবস্থিত শানডং প্রদেশে। দুই ভাইয়ের মধ্যে বড় ইউ লিয়াংলিয়াংয়ের বাবার নাম ইউ সংউই এবং মায়ের নাম কিউই জুয়েজুয়ান।

ইউ লিয়াংলিয়াং-এর ব্যবহৃত পাসপোর্ট ও তার সাথে ভাষাগত অ্যাপসের মাধ্যমে কথা বলে এসব তথ্য উঠে আসে। তিনি ২০ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। এখানে তেমন কেউ পরিচিত না থাকায় পরিচয়ের সূত্র ধরে তিনি হুরগাতী গ্রামে আসেন। লাইভ লোকেশনের মাধ্যমে এই বাড়িতে আসেন।

তবে, বন্ধুত্বের টানে আসলেও মেয়েটির পরিবারের সম্মতি পেলে তিনি মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছিলেন। কিন্তু মেয়েটির বয়স কম হওয়ায় হতাশ হন ইউ লিয়াংলিয়াং। পরে তিনি ফিরে গেছেন।

মেয়ের মা ও দাদী মেয়ের এমন কাণ্ডে লজ্জায় পড়েছেন। বন্ধুত্বের টানে ওই চায়না ছেলে এসেছেন বলে মেয়েটির মা বিউটি খাতুন ও দাদী আঞ্জুয়ারা বেগম জানান।

প্রসঙ্গত, এরআগেও ১৮ জুলাই ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ৩০ বছর বয়সী চীনা যুবক ওয়্যাং সুলিন। শুধু আসাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোণার মোহনগঞ্জের স্নাতক পড়ুয়া তরুণী নাজমিন আক্তার লিজাকে (২০) বিয়ে করেছেন তিনি। মুসলিম হওয়ার পর এই চীনা যুবকের নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।

এছাড়াও ১৮ ফেব্রুয়ারি চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইলে মায়া আক্তার নামে এক স্কুলশিক্ষার্থীকে বিয়ে করেছেন আরেক চীনা যুবক। তার নাম জংজিয়াং মামুসা। গত ২১ ফেব্রুয়ারি রাতে মুসলিম রীতি অনুযায়ী তাদের এই বিয়ে সম্পন্ন হয়। 

রেজওয়ান বাপ্পী/এসএইচএ