বিজ্ঞাপন

জমানো ২ লাখ টাকা কাটলো ইঁদুর-উইপোকা, দিশেহারা কৃষক

জমানো ২ লাখ টাকা কাটলো ইঁদুর-উইপোকা, দিশেহারা কৃষক

গাইবান্ধার সুন্দরগঞ্জে জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এক বৃদ্ধ কৃষক। দীর্ঘদিনের কষ্টার্জিত প্রায় ২ লাখ টাকা ইঁদুর ও উইপোকার আক্রমণে নষ্ট হয়ে যাওয়ায় এখন চরম সংকটে পড়েছে পরিবারটি।

ঘটনাটি সামাজিক যোগাযোগেরমাধ্যমে শনিবার (৮ আগস্ট) ছড়িয়ে পড়লে সবার নজরে আসে। এর আগে গত শুক্রবার ঘটনাটি ওই কৃষক পরিবার জানতে পারেন।

ভুক্তভোগী তোফাজ্জল হোসেন ভাটিয়া (৭০) উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে কৃষিকাজের পাশাপাশি ঢাকায় রিকশা চালিয়ে সামান্য আয়ের মধ্য থেকে ধীরে ধীরে এই অর্থ জমিয়েছিলেন কৃষক তোফাজ্জল হোসেন। গত শুক্রবার নতুন করে কিছু টাকা আলমারিতে রাখতে গিয়ে তিনি দেখেন, কাঠের আলমারিতে রাখা তার সঞ্চিত টাকা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ইঁদুর ও উইপোকা কেটে টুকরো টুকরো করে ফেলেছে নোটগুলো। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জল, তার স্ত্রী ও সন্তানরা। এ ঘটনা এলাকায় শোরগোল ফেললে স্থানীয় যুবকরা তা ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ক্ষতিগ্রস্ত কৃষক তোফাজ্জল হোসেন জানান, তার তিন মেয়ে ও স্ত্রীর ভবিষ্যৎ চিন্তা করে বহু বছর ধরে তিনি এই টাকা জমিয়েছিলেন। এর মধ্যে তার জমি বন্ধক রাখার টাকাও ছিল বলে জানান তিনি। হঠাৎ সব হারিয়ে তিনি এখন দিশেহারা। সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য ছোবেদ আলী বলেন, আমি বিষয়টি শনিবার রাতে জানতে পেরেছি। অনেক কষ্টে জমিয়ে রাখা এই অর্থ হারিয়ে পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে। বিষয়টি সত্যিই দুঃখজনক। কারণ তারা তো গরিব মানুষ। এ সময় সবাইকে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মাসুম বিল্লাহ/গাইবান্ধা