বিজ্ঞাপন

এসএসসি রেজাল্ট

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, ইংরেজি-গণিতে ফল খারাপ

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, ইংরেজি-গণিতে ফল খারাপ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ হাজার ৮৭৭ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ৫১ হাজার ১৫১ জন ছাত্রীর মধ্যে পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৯ দশমিক ৭১ শতাংশ বেশি।

এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে তা ছিল ৮৫ শতাংশ। ২০২৫ সালে পাসের হার কমে দাঁড়ায় ৫৮ দশমিক ২২ শতাংশে। এবার আরও কমে তা হয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগে, ৭১ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ এবং মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ।

ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার নেত্রকোনায়, ৬০ দশমিক ৪১ শতাংশ। ময়মনসিংহে পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪৪ শতাংশ।

ইংরেজি-গণিতে ফল খারাপ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক বলেন, গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। তবে বোর্ডের আওতাধীন প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। নিয়মিত ক্লাস ও পড়াশোনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এবার ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এ দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস মনিটরিংও শুরু হয়েছে।

শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে শিক্ষার মান বাড়ানোর মাধ্যমে আগামী দিনে ফলাফল আরও ভালো হবে বলে আশা করেন তিনি।

সাখাওয়াত সুমন/এএমকে