বিজ্ঞাপন

ইংরেজি-গণিতে পিছিয়ে যশোর বোর্ড, ফল বিপর্যয়

ইংরেজি-গণিতে পিছিয়ে যশোর বোর্ড, ফল বিপর্যয়

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিতের কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে ইংরেজিতে পাস করছে মাত্র ৭১.৮৪ ভাগ শিক্ষার্থী। আর গণিত বিষয়ে পাসের হার ৮৩ দশমিক ৩৪ ভাগ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, যশোর শিক্ষা বোর্ডে এবারও অবনতি হয়েছে। পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে জিপিএ-৫ এর হারও কমেছে।

যশোর বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন। তবে অংশ নেন ১ লাখ ৩২ হাজার ৯৪০ পরীক্ষার্থী। এ বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। ৪৮ হাজার ৪৬৩ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫১ শিক্ষার্থী এবং ৩৯ হাজার ৬৩৪ জন ছেলে পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১২৭ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বলেন, ইংরেজি ও গণিতের কারণে আমাদের ফলাফল খারাপ হয়েছে। যে কারণে পাসের হার কমেছে। সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়েছে। কাউকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি। ফলাফল কিছুটা খারাপের এটাও একটি কারণ।

রেজওয়ান বাপ্পী/আরকে