বিজ্ঞাপন

বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর

বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। আর বরিশাল বিভাগের গড় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর পিরোজপুর জেলায় মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৪৯২ জন এবং মেয়ে শিক্ষার্থী ৩ হাজার ২৯৭ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মোট ৬ হাজার ৯৬২ জন পাস করেছে এবং ২ হাজার ৮৮৩ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১২০ জন এবং মেয়ে ২২৬ জন।ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

গত বছর পিরোজপুর জেলায় পাসের হার ছিল ৬৫ দশমিক ৩৮ শতাংশ। সে বছরও বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে শীর্ষে ছিল পিরোজপুর। এক বছরের ব্যবধানে এ জেলায় পাসের হার বেড়েছে ৫ দশমিক ৩৪ শতাংশ। গত বছর পিরোজপুর জেলায় ১০ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ হাজার ৭৪৩ জন পাস করেছিল। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ২ হাজার ৬০৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১৩৪ জন। 

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান বরিশাল বিভাগে সবার শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা। 

আরকে