বিজ্ঞাপন

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে হামলা থেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়। আহত জসিম খানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে রোববার বিকেলে বাড়ির সামনের সড়কে জসিম খানকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

জসিমের চিৎকার শুনে বাবা আক্কাস খান এগিয়ে এলে হামলাকারীরা তাকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। পরে তারা রক্তাক্ত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, জসিম খানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আক্কাস খানের মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মো. শাহীন আলম/এএমকে