বিজ্ঞাপন

এসএসসির ফল জানার আগেই সড়কে প্রাণ গেল প্রদীপের

এসএসসির ফল জানার আগেই সড়কে প্রাণ গেল প্রদীপের

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন প্রদীপ কুমার (১৯)। স্বপ্ন ছিল ফল হাতে নিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। কয়েকদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামাল পুড়ে যাওয়ার ক্ষতও শুকায়নি পরিবারটির। এর মধ্যেই সন্তান হারিয়ে যেন আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে পরিবার।

রোববার (৯ আগস্ট) রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রদীপ নিহত হন। এ ঘটনায় তার দুই বন্ধু সজিব কুমার মন্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রদীপ, সজিব ও সাগর তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নাগড়া বাজারের একটি ফটোকপির দোকানে যাচ্ছিলেন। পথে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রদীপ কুমারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিব ও সাগরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত প্রদীপ কুমার খাজুরা এলাকার পূর্বাস কুমারের ছেলে। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন। ফলাফল হাতে পাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবনের পথচলা।

ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা পূর্বাস কুমার। তিনি বলেন, ‘নিজের রেজাল্টের খবর জানার আগেই ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। এর কয়েকদিন আগেই আমার বাড়িতে আগুন লেগে সব পুড়ে গেছে। এত কষ্ট আমি কীভাবে সইব।’

পরিবারের স্বজনরা জানান, কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রদীপদের ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়। সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছিল পরিবারটি। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রদীপের মৃত্যুতে পরিবারটির ওপর নেমে এসেছে আরও বড় বিপর্যয়। তরতাজা এক তরুণকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রদীপের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তাছিন জামান/এসএইচএ