বিজ্ঞাপন

৮ শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫, পাস করেনি কেউ

৮ শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫, পাস করেনি কেউ

কিশোরগঞ্জের একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন আটজন। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

ওই বিদ্যালয়টির নাম জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়।

জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি। অর্থাৎ বিদ্যালয়টির পাসের হার শূন্য।

বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা নিয়েও প্রশ্ন উঠেছে। মাত্র পাঁচজন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিলেও বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন আটজন। এত কমসংখ্যক পরীক্ষার্থী নিয়ে কোনো শিক্ষার্থীই পাস না করায় বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণি কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় অভিভাবকেরা বলছেন, একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিন্তু পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়া উদ্বেগজনক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাকির বলেন, আমি বাইরে রয়েছি। ফলাফল এখনও জানতে পারিনি। তবে প্রথমবারের মতো পাঠদানের অনুমতি পাওয়ার দাবি করেন। তিনি জানান, বিদ্যালয়ে আটজন শিক্ষক রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া বলেন, ওই প্রতিষ্ঠানটি ভিজিট করা হবে এবং ফলাফল এমন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করা হবে। 

সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ